খুলনায় মো. মোস্তাকিন (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে নগরীর নিরালা তালুকদার কমিউনিটি সেন্টারের কাছে হত্যাকাণ্ডের শিকার হন তিনি। নিহত মোস্তাকিন নিরালার আলকাতরা মিল এলাকার শহিদুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, রাত সাড়ে ৮টার দিকে মোস্তাকিন নিরালা এলাকার আলকাতরা মিলের পাশ্ববর্তী তালুকদার কমিউনিটি সেন্টারের কাছে দাঁড়িয়ে মোবাইল ফোন দেখছিলেন। দুইটি মোটরসাইকেলে আসা চারজন যুবক ধারালো অস্ত্র দিয়ে তার পিঠ ও কোমরসহ শরীরের বিভিন্নস্থান কুপিয়ে জখম করে। তারা চলে যাওয়ার পর স্থানীয়রা মোস্তাকিনকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক মোস্তাকিনকে মৃত ঘোষণা করেন।

সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, “তালুকদার কমিউনিটি সেন্টারের পাশে দাঁড়িয়ে মোস্তাকিন মোবাইল ফোন দেখছিল। দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। তার পিঠে ও কোমরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *