রাষ্ট্রপতি পদে নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট)। সকাল ১১টার দিকে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী এবং দুপুর ১২টার পর বিএনপির প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে।

আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচনি কর্তা এ এম এম নাসির উদ্দিনের অফিস কক্ষে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হবে।

ইসি সূত্র জানায়, জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের পক্ষ থেকে একটি এবং বিএনপির পক্ষ থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এ পর্যন্ত মোট তিনটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে হলে কমপক্ষে ৩৫ বছর বয়সী এবং সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্য হতে হবে। কোনো সংসদ সদস্য রাষ্ট্রপতি নির্বাচিত হলে কার্যভার গ্রহণের দিন তার সংসদীয় আসন শূন্য হবে।

তফসিল অনুযায়ী, ১৬ আগস্ট মনোনয়নপত্র বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। ভোট হবে ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ কক্ষে।

গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *