প্রায় ২০ বছর পর বগুড়া সফরে যাচ্ছেন তারেক রহমান। খালি হাতে নয়, সেখানে যাচ্ছেন একগুচ্ছ গুরুত্বপূর্ণ উন্নয়ন কার্যক্রম হাতে নিয়ে। সেই সাথে তিনি শুধু বগুড়া শহরে নয়, এবার তিনি যাবেন তার পৈত্রিক ভিটা বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামেও।
সোমবার (২০ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে তিনি বগুড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বেলা সাড়ে ১০টায় তাঁর বগুড়া সার্কিট হাউজে পৌছানোর কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর সফরসূচির বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়ক কালাম আজাদ জানিয়েছেন, প্রধানমন্ত্রী প্রথমে বগুড়া সার্কিট হাউজে আসবেন। এরপর বেলা ১১টায় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে নবনির্মিত আইনজীবী সমিতির ভবন উদ্বোধন এবং ‘ই-বেইলবন্ড’ কার্যক্রমের সূচনা করবেন।
দুপুর ১টা ৪৫ মিনিটে নশিপুরে চৌকিরদহ খাল খনন কার্যক্রমের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক বাড়ি পরিদর্শন করবেন। পরে দুপুর ২টা ৪৫ মিনিটে তিনি বাগবাড়ী থেকে বগুড়া সার্কিট হাউসে ফিরে আসবেন।
দিনের কর্মসূচি শেষে সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। ফেরার পথে তিনি বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) স্বল্প সময়ের জন্য বিরতি নেবেন এবং রাত ১১টার মধ্যে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর বগুড়ায় আগমন উপলক্ষে শহরে সংস্কার কাজ করা হয়েছে। কিছু এলাকায় সৌন্দর্যবর্ধন করা হয়েছে। শহরের শেরপুর, সাতমাথা, স্টেশন সড়কগুলোর ডিভাইডারগুলোকে লাল সাদা রঙে নতুনত্ব দেওয়া হয়েছে। রাস্তার খানাখন্দগুলো ভরাট করেছে পৌর কর্তৃপক্ষ। রাস্তার দু’পাশে প্রতিনিয়ত পড়ে থাকা আবর্জনাগুলোও অপসারণ করা হয়। এছাড়া, শহর জুড়ে রাস্তার উপর ফেলে রাখা নির্মাণ সামগ্রীও দ্রুত সময়ের মধ্যে অপসারণের জন্য মাইকিং করা হয়।
এদিকে, প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামেও ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। বাগবাড়ী শহীদ জিয়া ডিগ্রি কলেজ ও বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের পৈত্রিক ভিটা জিয়াবাড়ি নতুন করে সাজানো হয়েছে। এলাকার রাস্তাঘাট সংস্কার করা হয়েছে।
বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ (সদর) আসনের নবনির্বাচিত এমপি রেজাউল করিম বাদশা বলেন, “দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত বগুড়া প্রধানমন্ত্রীর হাত ধরে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। বগুড়াবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনের। প্রধানমন্ত্রী আজ সেটি করবেন। এটা শুরু। ধাপে ধাপে বগুড়ার আরো উন্নয়ন হবে।”