নিউজবাংলা২৪ডটনেট::নূর শান্ত : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক শিক্ষার্থী আহত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী হলের পাশের রাস্তায় (১৯ মে ) সোমবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থী আরাফাত শাওন বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী। সম্প্রতি তার স্নাতকোত্তর শেষ হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে সৈয়দ আমীর আলী হলের পাশের রাস্তা দিয়ে হেঁটে হলে ফিরছিলেন শাওন। এ সময় কয়েকজন ছিনতাইকারী তাঁর পথ রোধ করে। তাঁর মুঠোফোন কেড়ে নিতে চাইলে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ছিনতাইকারীরা তার পেটের দুই জায়গায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এরপর তিনি নিজেই দ্রুত রাজশাহী বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে আসেন। সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করা হয়। অস্ত্রোপচার শেষে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়েছে।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান জানিয়েছেন, আরাফাতের পেটে দুই জায়গায় ছুরিকাঘাত করা হয়েছে। কাল রাতেই তাঁর অপারেশন সম্পন্ন হয়েছে। চিকিৎসক জানিয়েছেন তিনি এখন বিপদমুক্ত। এ ঘটনায় তারা প্রত্যক্ষদর্শী কাউকে পাচ্ছেন না। বিষয়টি নিয়ে তাদের প্রক্টরিয়াল বডি কাজ করছে।
এদিকে এ ঘটনার তীব্র নিন্দা ও জড়িতদের বিচারের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির, শাখা ছাত্রদল ও ছাত্র ফেডারেশন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *