জাতিসংঘের শান্তিরক্ষা মিশনগুলোতে যুক্তরাষ্ট্রের আর্থিক বরাদ্দ বাতিলের প্রস্তাব দিয়েছে হোয়াইট হাউজ। মালি, লেবানন, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে জাতিসংঘ মিশনের ব্যর্থতার অভিযোগ এনে হোয়াইট হাউজের বাজেট অফিস এই প্রস্তাব দিয়েছে বলে মঙ্গলবার রয়টার্স জানিয়েছে। বার্তা সংস্থাটি জানিয়েছে, হোয়োইট হাউজের অভ্যন্তরীণ গোপন নথিতে তারা এই প্রস্তাব দেখতে পেয়েছে। জাতিসংঘ সবচেয়ে বেশি আর্থিক সহায়তা পেয়ে থাকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে। এই তালিকায় এরপরেই রয়েছে চীনের অবস্থান।
প্রতিবছর জাতিসংঘ বাজেটের ২২ শতাংশ বা ৩ দশমিক ৭ বিলিয়ন ডলার যুক্তরাষ্ট্র অনুদান দিয়ে থাকে। শান্তিরক্ষা মিশনের ২৭ শতাংশ বা ৫ দশমিক ৬ বিলিয়ন ডলার দেয় যুক্তরাষ্ট্র। এই আর্থিক সহায়তা দেওয়া বাধ্যতামূলক।
হোয়াইট হাউজের বাজেট অফিস যে প্রস্তাব দিয়েছে, মঙ্গলবারের মধ্যে তার জবাব দেওয়ার কথা রয়েছে পররাষ্ট্র দপ্তরের।
এর আগে প্রথম মেয়াদের সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনীতি এবং সহায়তা বাজেটের এক তৃতীয়াংশ কাটছাঁট করতে চেয়েছিলেন। কিন্তু কংগ্রেস ট্রাম্পের সেই প্রস্তাব ফেরত পাঠিয়ে দিয়েছিল।
