আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে ভালো হয় বলে জানিয়েছে। তারা বলেছেন, আমাদের উপদেষ্টাদের অস্পষ্ট কথা থাকে। এ বিষয়ে বলতে চাই, উপদেষ্টারা যে যা-ই বলুক না কেন, প্রধান উপদেষ্টার কথাই চূড়ান্ত। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক শেষে এ বিফ্রিং করা হয়।
এর আগে, বৈঠক শেষে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা সুনির্দিষ্ট কোন সময় দেয়নি জানিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, প্রধান উপদেষ্টা মহোদয় সুনির্দিষ্ট কোন ডেটলাইন আমাদের দেননি। তিনি বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে তিনি নির্বাচন শেষ করতে চান। আমরা একেবারেই সন্তুষ্ট নই। আমরা বলেছি ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন না হয় তবে দেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অবস্থা আরও খারাপ হবে, বলেন তিনি।
নির্বাচনের সময় সম্পর্কে বলেন, ডিসেম্বর থেকে জুন মানে আমরা ইচ্ছা করে দেরি করে- মে বা জুন মাসে করবো সেটা না। ডিসেম্বর থেকে জুন মানে এর মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব আমরা করবো। অকারণে আমরা এক মাস দুই মাস থাকবো বিষয়টা সেটা না। ক্ষমতায় থাকার জন্য দেরি করা হবে না। আইন উপদেষ্টা বলেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন– এটা প্রধান উপদেষ্টার অঙ্গীকার।
