নিউজবাংলা২৪ডটনেট:: আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, আওয়ামী লীগ নয়, বিএনপি নেতারা খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখতে চান। তারা চান, খালেদা জিয়া কারাগারে থাকুন। তাকে আন্দোলন করে মুক্ত করা যাবে না। আইনী প্রক্রিয়ায় খালেদা জিয়াকে কারাগার থেকে বের হতে হবে। বৃহস্পতিবার ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ে দেশে নির্বাচন হবে। এর বাইরে যাওয়ার কোন সুযোগ নেই। নির্বাচনে আওয়ামী লীগ ছাড়া জয়লাভ করার মতো অন্য কোন দল নেই। জনগণের কাছে ভোট চাওয়ার মতো কোন অর্জন বিএনপির নেই।
ডা. আজিজুর রহমানের সভাপতিত্বে উজির আলী হাই স্কুল মাঠে সম্মেলনের উদ্বোধন করেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি। এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মামুন, পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, স্থানীয় সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী, সাবেক এমপি শফিকুল ইসলাম অপু প্রমুখ।