anushka-viratনিউজবাংলা২৪ডটনেট:: কয়েক মাস ধরে চলা গুঞ্জনটা সত্যি হলো। ভারতীয় ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি ও চলচ্চিত্র তারকা আনুশকা শর্মা বিয়ে করে ফেলেছেন। ৯ ডিসেম্বর ইতালির মিলানে দুজনের বিয়ে হয়েছে বলে নিশ্চিত করেছে ফিল্মফেয়ার। আজ বাংলাদেশ সময় রাত সাড়ে আটটার দিকে এই জুটি আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলে জানা গেছে।

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছুটি নিয়ে নেন কোহলি। বলা হয়েছিল, টানা ক্রিকেটের ধকল সামলাতে দক্ষিণ আফ্রিকা সফরের আগে বিশ্রাম নিচ্ছেন। কিন্তু সংবাদমাধ্যমে গুঞ্জন শুরু হয়ে যায়, আসলে বিয়ে করবেন বলেই এই ছুটি নিয়েছেন কোহলি।

এর আগে গত সপ্তাহে ইন্ডিয়া টুডে টেলিভিশন খবর দেয়, ৯ থেকে ১২ ডিসেম্বরের যেকোনো দিন বিয়ের দিন ঠিক করেছেন দুজন। বিয়ে করতেই ইতালির উদ্দেশে উড়াল দিচ্ছেন দুজনে। কোহলির বন্ধু ও পরিবারের লোকজনের জন্য ইতালিতে এরই মধ্যে একটি জায়গা ভাড়া করেছেন। সম্পূর্ণ পারিবারিক আবহের এ অনুষ্ঠানে দাওয়াত পাননি সে রকম কোনো ক্রিকেটার। বর্তমান দলের বেশির ভাগ ক্রিকেটার তো ওয়ানডে সিরিজের জন্য ব্যস্তই।

তখন দুজনের মুখপাত্র খবরটি গুজব বলে উড়িয়ে দেন। কিন্তু তবু খবর লেখা চলছিলই। সন্দেহ আরও গাঢ় হয় দুজনের পরিবারকে বিমানবন্দরে ক্যামেরাবন্দী হতে দেখার পর। পরিবারের সদস্যরা জোট বেঁধে বিদেশে যাচ্ছেন কেন? তবে কি পাত্রপাত্রীর পর বিয়ের অতিথিরাও জড়ো হচ্ছেন মিলান?

এখন তো ভারতের অন্যতম বিনোদনবিষয়ক সংবাদমাধ্যম ফিল্মফেয়ার নিশ্চিত করল দুজনের বিয়ে হয়ে গেছে। ২৬ ডিসেম্বর মুম্বাইয়ে দুজনের বিয়ে পরবর্তী সংবর্ধনা হবে। ভারতের সব শীর্ষ ও বিশ্বাসযোগ্য সংবাদমাধ্যমও ফিল্মফেয়ারের সূত্র ধরে এ খবর দিয়েছে।

২৯ বছর বয়সী কোহলি ও আনুশকা দুজনই ২০১৩ সাল থেকে প্রেম করছেন। শ্যাম্পুর বিজ্ঞাপনের শুটিংয়ে দুজনের পরিচয়। এর মধ্যে দুজনের একবার ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল। তবে দুজনই বেশি দিন বিচ্ছেদের যন্ত্রণা সহ্য করতে পারেননি। এখন তো মনে হচ্ছে দুজনের জুটি স্বর্গ থেকে রচিত। সামাজিক মাধ্যমেও অভিনন্দনের বন্দনা চলছে, অভিনন্দন মিস্টার অ্যান্ড মিসেস কোহলি!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *