নিউজবাংলা২৪ডটনেট:: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে যাবে না বললেও দলটি বর্তমান সরকারের অধীনেই নির্বাচনে আসবে।
আজ সোমবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ১৪-দলীয় জোটের বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে মোহাম্মদ নাসিম এ কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোহাম্মদ নাসিম বলেন, ‘বিএনপি অবশ্যই শেখ হাসিনার অধীনে নির্বাচন করবে—এটা লিখে রাখেন।’ তিনি বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ভন্ডুল করার চেষ্টা করছে একটি মহল। প্রকারান্তরে এর হোতা খালেদা জিয়া। যারা অসাংবিধানিক পথ অবলম্বন করবে, যেকোনো মূল্যেই তাদের প্রতিরোধ করা হবে।’
বিদেশে খালেদা জিয়া ও তাঁর পরিবারের সম্পদের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, ‘বাংলাদেশে বিএনপি সরকার হাওয়া ভবন সৃষ্টি করে দুর্নীতির মহাকাব্য সৃষ্টি করেছে। এরই ধারাবাহিকতায় সৌদি আরবে খালেদা জিয়া ও তারেক রহমানের অর্থ পাচারের খবর বেরিয়েছে।’ তিনি বলেন, সৌদি আরবে অর্থ পাচার নিয়ে তদন্ত করে জনগণের সামনে তুলে ধরতে হবে। কীভাবে জিয়া পরিবার সৌদি আরবে এই অর্থ পাচারে জড়িত, তা সবার সামনে প্রকাশ করতে হবে।
সংবাদ সম্মেলনে জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, সৌদি আরবে খালেদা জিয়া ও তাঁর পরিবারের সদস্যদের নামে সম্পত্তি থাকার খবরের সত্যাসত্য প্রমাণে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদকে ‘ওপেন চ্যালেঞ্জ’। তিনি বলেন, ‘অতীতে আরাফাত রহমান কোকো ও তারেক রহমানের পাচার করা টাকা বাংলাদেশে ফেরত এসেছিল। আমি ওপেন চ্যালেঞ্জ করছি, মওদুদ ভাইসহ যাঁরা কথা বলেন, আপনারা কালোটাকা সাদা করলেন কেন এবং কোকোর ২০ কোটি টাকা কোথা থেকে এল?’
হাসানুল হক ইনু বলেন, ‘খালেদা জিয়া সারা দেশে দুর্নীতির সিন্ডিকেট করেছেন। খুনিদের আস্তানা হচ্ছে বিএনপি এবং এর নেতৃত্ব দিচ্ছেন খালেদা জিয়া। অবিলম্বে পুলিশি তদন্তের মাধ্যমে এটা প্রকাশ করতে হবে।’
জাসদের একাংশের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, তরীকত ফেডারেশনের সভাপতি নজিবুল বশর মাইজভান্ডারি, জাতীয় পার্টির (জেপি) মহাসচিব শেখ শহীদুল ইসলাম, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, আহমদ হোসেন, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।