al_amin_crickনিউজবাংলা২৪ডটনেট:: বিশ্বকাপে এখনও মাঠেই নামা হলো না বাংলাদেশের পেসার আল আমিন হোসেনের। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দল থেকে বহিষ্কার করা হয়েছে এই মিডিয়াম পেসারকে। একই সঙ্গে আজই ফ্লাইট ধরিয়ে দেয়া হচ্ছে তাকে। আইসিসির দুর্নীতি দমন ইউনিট-আকসু তার বিরুদ্ধে ‘সন্দেহজনক গতিবিধি’র অভিযোগ তোলায় বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে জানা গেছে।অসমর্থিত একটি সূত্র জানিয়েছে, গতিবিধি সন্দেহজনক হওয়ায় আইসিসির দুর্নীতি দমন ইউনিট-আকসু ক্যানবেরা থেকেই আল-আমিন হোসেনের ওপর কড়া নজর রাখছিল। ব্রিসবেনে এসেও আল-আমিন একই ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাওয়ায় আকসু ব্যাপারটি বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে আনুষ্ঠানিকভাবে জানায়। বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থানরত বিসিবির সভাপতি নাজমুল হাসানও অভিযোগের ভিত্তিতে আল-আমিনের ব্যাপারে কঠোর মনোভাবই ব্যক্ত করেছেন।
এ ব্যাপারে ঢাকায় বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী অবশ্য কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেছেন, ‘অস্ট্রেলিয়ায় অবস্থানরত বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা না বলে এ ব্যাপারে কোনো কিছু বলা ঠিক হবে না।’
সেখানেই আজ সকালে টিম ম্যানেজমেন্টের সঙ্গে জরুরি বৈঠকে বসেন বিসিবি পরিচালকরা। এবং ওই বৈঠকেই দ্রুত সিদ্ধান্ত নেয়া হয় আল আমিনকে বহিষ্কারের ব্যাপারে। তবে সত্যি সত্যি কী ঘটেছিল, সেটা এখনো পুরোপুরি জানা যায়নি। তার পরিবর্তে কাকে নেয়া হবে সেটাও এখনো জানায়নি বিসিবি।
আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামেননি আল আমিন। তার একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে গত বছর ফেব্রুয়ারিতে ঢাকায় শ্রীলংকার বিপক্ষে। ১ উইকেট এবং ২ রান ছিল তার ক্যারিয়ারের প্রথম ওয়ানডে ম্যাচে।
এ পর্যন্ত ১১টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে আল আমিন হোসেন ১৭ উইকেট পেয়েছেন। ৬ টেস্টে তার উইকেট ৬টি। এছাড়া ৯টি টি২০ ম্যাচ খেলে আল আমিন হোসেন উইকেট নিয়েছেন ১২টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *