নিউজবাংলা২৪ডটনেট:: কনজিউমার ইলেকট্রনিক্স শো ২০১৪ উপলক্ষ্যে লেনোবো তাদের গত বছরের সেরা ল্যাপটপটির নতুন একটি সংস্করণ প্রস্তুত করেছে। জানা গেছে, ইন্টেলের হ্যাজওয়েল প্রসেসর দিয়ে থিংকপ্যাড এক্স১ কার্বন-এর নতুন এই সংস্করণ চলমান কনজিউমার ইলেকট্রনিক্স শো-তে ঘোষণা দিয়েছে লেনোভো। লেনোভো এক্স১ কার্বন ল্যাপটপটি নামের মতোই কার্বন ফাইবার ব্যবহার করে তৈরি করা হয়েছে যার ফলে স্থায়ী অথচ হালকা একটি ডিজাইনে প্রস্তুত করা সম্ভব হয়েছে। হ্যাজওয়েল প্রসেসরের নতুন এক্স১ কার্বনের পুরুত্ব বেশ খানিকটা কমিয়ে আনা হয়েছে। আগের ০.৭৪ ইঞ্চি থেকে কমিয়ে ০.৬৮ ইঞ্চিতে নামিয়ে আনা হয়েছে যেখানে এর ওজনও কমানো হয়েছে ০.১ পাউন্ড। এছাড়াও ল্যাপটপটির ব্যাটারির স্থায়িত্বও ৭০% বাড়ানো হয়েছে। ফলে এক চার্জে টানা প্রায় ৯ ঘণ্টা কাজ করা যাবে লেনোভোর নতুন এই আল্ট্রাবুকে।
এসবের পাশাপাশি এই ল্যাপটপে যোগ করা হয়েছে হাই রেজুলেশন স্ক্রিন। ১৪-ইঞ্চি আকারের আইপিএস প্রযুক্তির টাচস্ক্রিন ডিসপ্লের রেজুলেশন দেয়া হয়েছে ২৫৯০ বাই ১৪৪০ পিক্সেল। এছাড়াও ল্যাপটপটির কিবোর্ডেও আনা হয়েছে খানিকটা পরিবর্তন। ট্রেডিশনাল ফাংশন কি’র পরিবর্তে নতুন এক্স১ কার্বনে দেয়া হয়েছে ক্যাপাসিটিভ টাচ স্ট্রিপ যেটায় চার ধরনের কন্ট্রোল সেট করা যায়। এছাড়াও সার্চ, স্ক্রিনশটসহ উইন্ডোজ ৮-এর অন্যান্য শর্টকাটের জন্য আলাটা কি দেয়া হয়েছে। তবে এই টাচ বাটনগুলো কাস্টোমাইজেবল না থাকায় ফাংশন কি ব্যবহারে অভ্যস্তরা ফাংশন কি মিস করতে পারেন।ৱ
ইন্টেল এইচডি ৪৪০০ ইন্টিগ্রেটেড গ্রাফিক্স সম্বলিত লেনোভো এক্স১ কার্বনে রয়েছে লো-ভোল্টেজের কোর আই৫ বা আই৭ (হ্যাজওয়েল) প্রসেসর, ৪ গিগাবাইট র্যাম এবং ১২৮ গিগাবাইট এসএসডি যা বাড়িয়ে ৫১২ গিগাবাইট পর্যন্ত করা সম্ভব। এছাড়াও রয়েছে ফুল সাইজ এইচডিএমআই পোর্ট, দু’টি ইউএসবি ৩.০ পোর্ট, একটি মিনি ডিসপ্লে পোর্ট এবং ওয়ানলিংক ডকিং ও চার্জিং কানেক্টর।
তবে নতুন এই এক্স১ কার্বনে অপরিবর্তিত রয়েছে এর দাম। জানা গেছে, আজ থেকেই বাজারে সহজলভ্য লেনোভোর এই প্রিমিয়াম ল্যাপটপের দাম শুরু হবে ১,২৯৯ ডলার থেকে।