নিউজবাংলা২৪ডটনেট:: অনলাইন কাজের বাজার থেকে ঘরে বসে বৈদেশিক মুদ্রা অর্জনের বিষয়ে গুরুত্বারোপ করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এই উদ্যোগ বাস্তবায়নে মোট ১৮০ কোটি ৪০ লাখ টাকার ‘লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের অনুমোদন দিয়েছে সরকার। এক হাজার ৯২০ জন গণমাধ্যমকর্মীসহ মোট ৫৫ হাজার জনকে দক্ষ ফ্রিল্যান্সার গড়ে তুলতে এই প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক।দক্ষ ফ্রিল্যান্সার তৈরির মাধ্যমে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং আউটসোর্সিং বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রকল্পের অধীনে খুব শিগগিরই ৮০টি ল্যাপটপ, ৮০টি মডেম, ৪০টি পেন ড্রাইভ, পাঁচটি মাল্টিমিডিয়া প্রজেক্টর, একটি ফটোকপিয়ারসহ প্রয়োজনীয় অফিস ইকুইপমেন্ট সংগ্রহ এবং একটি মাইক্রোবাস, একটি জিপ ও একটি ক্যারাভান জিপ কেনা হবে।
জানা গেছে, মাস্টার ট্রেইনার তৈরির মাধ্যমে তৃণমূল পর্যায়ে সম্প্রসারণ করা হবে ফ্রিল্যান্সিংয়ের কার্যক্রম। প্রকল্পটির প্রধান কার্যক্রম হবে, ইউনিয়ন পর্যায়ে ২০ হাজার নারীকে বেসিক আইটি লিটারেসি প্রশিক্ষণ এবং ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে ২৫ হাজার জনকে আউটসোর্সিং ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তুলতে বেসিক আইটি শিক্ষা দেয়া। প্রকল্পের আওতায় উপজেলা ও জেলা পর্যায়ে ১০ হাজার জনবলকে বিশেষায়িত আউটসোর্সিং কাজে ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তোলার জন্য আগাম আইটি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে। এছাড়া আউটসোর্সিং বিষয়ে দেশব্যাপী মেলা, আঞ্চলিক পর্যায়ে ফ্রিল্যান্স বিষয়ে ওয়ার্কশপ, কনফারেন্স ও সেমিনার আয়োজন করা হবে।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, ১৮ সেপ্টেম্বর প্রথম উপ-একনেক (পিইসি) সভায় প্রথম প্রকল্প পর্যালোচনা করা হয়। সেসময় পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগ থেকে প্রকল্পটির অনুমোদন বিবেচনার সুপারিশ করা হয়। এর পরিপ্রেক্ষিতে রোববার চূড়ান্ত অনুমোদন পায় প্রকল্পটি।