windows-xpনিউজবাংলা২৪ডটনেট:: আগামী এপ্রিলের ৮ তারিখ থেকে মাইক্রোসফট তাদের উইন্ডোজের জনপ্রিয়তম সংস্করণ এক্সপিতে সব ধরনের আপডেট সরবরাহ বন্ধ করে দেবে। পাশাপাশি মাইক্রোসফটের ‘সিকিউরিটি এসেনশিয়ালস ফর উইন্ডোজ এক্সপি’-ও একই দিন থেকে কাজ করা বন্ধ করে দেবে। অর্থাৎ, উইন্ডোজ ৮-এ মাইক্রোসফটের অ্যান্টি-ম্যালওয়্যার এ সফটওয়্যারটি আর কোনো আপডেট পাবে না। একই সঙ্গে মাইক্রোসফটের সাইট থেকেও এক্সপি ব্যবহারকারীরা এই সফটওয়্যার ডাউনলোড করতে পারবেন না। এক কথায়, এক্সপিকে আর মাত্র তিনমাস পর একেবারেই অনিরাপদ করে তুলছে মাইক্রোসফট।

প্রযুক্তিবিষয়ক সাইট আর্স টেকনিকা জানিয়েছে, মাত্র তিনমাস বাকি থাকলেও ইন্টারনেট ব্যবহারকারীদের এক পরিসংখ্যান অনুসারে এখনও অপারেটিং সিস্টেমের বাজারের ৩০ শতাংশই উইন্ডোজ এক্সপির দখলে। ৮ই এপ্রিল ২০১৪ থেকে এক্সপিতে আর কোনো সাপোর্ট দেয়া হবে না এই ঘোষণা আরও অনেক আগে দেয়া হলেও আপাত:দৃষ্টিতে দেখা যাচ্ছে যে, অনেক ব্যবহারকারী এবং ব্যবসা প্রতিষ্ঠানেরই তাতে কিছু যায় আসে না। মাত্র কয়েক মাস সাপোর্ট থাকা সত্ত্বেও এখনই উইন্ডোজের পরবর্তী কোনো সংস্করণে আপডেট করার সম্ভাবনাও বেশ কম। অর্থাৎ, কম্পিউটার অনিরাপদ হয়ে পড়ার পরও বিপুল সংখ্যক মানুষ ব্যবহার করতে থাকবেন মাইক্রোসফটের এই অপারেটিং সিস্টেম।

এদিকে ব্যবহারকারীদের নতুন সংস্করণে আপগ্রেড করতে উৎসাহিত করতেই সিকিউরিটি এসেনশিয়ালস ওই দিন থেকে বন্ধ ঘোষণা করা হলেও গুগল ও মোজিলা তাদের ক্রোম ও ফায়ারফক্স ব্রাউজারের জন্য এক্সপিতেও আপডেট সরবরাহ করবে। গুগল জানিয়েছে, ২০১৫ সালের এপ্রিল পর্যন্ত তারা এক্সপি ব্যবহারকারীদের জন্য ক্রোমের আপডেট দিতে থাকবে। তাই হয়তো আনুষ্ঠানিকভাবে এ বছরের এপ্রিলে সাপোর্ট শেষ হলেও ব্যবহারকারীরা পুরনো এ অপারেটিং সিস্টেম বাদ দেয়ার প্রয়োজনীয়তা বোধ করবেন আরও এক কি দেড় বছর পর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *