নিউজবাংলা২৪ডটনেট:: নির্বাচনকালীন সরকারে মন্ত্রীর সমমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয় পার্টির (জেপি) সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু। রবিবার মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হয় বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব আব্দুল ওয়াদুদ। এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।তাকে নিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টার সংখ্যা ১১ জন। এর আগে নতুন উপদেষ্টা হিসেবে নিয়োগ পান জিয়াউদ্দিন বাবলু, দিলীপ বড়ুয়া, ব্যারিস্টার শফিক আহমেদ। তবে মঞ্জুকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বানানোর বিষয়ে বেশকিছুদিন ধরেই গুঞ্জন চলছিল। তিনি মন্ত্রী হওয়ার গুঞ্জনেও এগিয়ে ছিলেন। কিন্তু তিনি সংসদ সদস্য না হওয়ায় মন্ত্রীর দৌড়ে এগিয়ে যেতে পারেননি। পুরানো উপদেষ্টারা হলেন- প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক এইচটি ইমাম, অর্থনৈতিক মসিউর রহমান; স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সৈয়দ মোদাচ্ছের আলী; শিক্ষা, সামাজিক উন্নয়ন ও রাজনীতি বিষয়ক আলাউদ্দিন আহমেদ; বিদ্যুৎ ও জ্বালানি তৌফিক-ই-ইলাহী চৌধুরী; আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক গওহর রিজভী এবং প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক। এর মধ্যে তারিক আহমেদ প্রতিমন্ত্রী মর্যাদায় হলেও বাকিরা মন্ত্রী পদমর্যাদায়।
এছাড়া সচিব পদমর্যাদায় রয়েছেন তথ্য উপদেষ্টা সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী এবং আইসিটি উপদেষ্টা প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়। তবে মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে উপদেষ্টাদের তালিকায় এদের নাম নেই। তারা মন্ত্রিসভার বৈঠকে অংশও নেন না।