নিউজবাংলা২৪ডটনেট:: বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি মেডিকেল কোরের মহিলা রিক্রুট ব্যাচ ৭১ এর প্রশিক্ষণ সমাপনি কুচকাওয়াজ ও শপথ গ্রহণ অনুষ্ঠান বৃহস্পতিবার ঘাটাইল সেনানিবাসের আর্মি মেডিকেল কোর সেন্টার এন্ড স্কুল এর শহিদ সালাউদ্দিন সেনানিবাসের শহিদ বীর উত্তম সিপাহী নুরুল হক প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়।প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। এই শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে সর্বমোট ৮৭৯ জন নবীন সৈনিক হিসাবে প্রথম বারের মতো বাংলাদেশ সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত হলো। মহিলা রিক্রুট ব্যাচের মোসা. মেমরি হাসান প্রথম এবং সান্তা রানি মন্ডল ২য় শ্রেষ্ঠ রিক্রুট হিসেবে বিবেচিত হন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ২০০০ সালে তার সরকারের আমলে প্রথমবারের মতো দীর্ঘ মেয়াদী কোর্সের মাধ্যমে সেনাবাহিনীতে মহিলা অফিসার নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়। বর্তমান সেনাবাহিনীর বিভিন্ন আমর্স ও সার্ভিসের মহিলা অফিসারগণ দেশে ও জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছে। মহিলা অফিসারদের পাশাপাশি সেনাবাহিনীতে মহিলা সৈনিকের অন্তর্ভুক্তির বিষয়টি বর্তমান সরকারের একটি যুগান্তকারী উদ্যোগ। এছাড়াও তিনি ফোর্সেস গোল ২০৩০ এর আলোকে সেনাবাহিনীর উন্নয়ন ও আধুনিকায়নে তার সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এরপর প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্তে বঙ্গবন্ধু সেনানিবাস উদ্বোধন করেন। তিনি উক্ত সেনানিবাসে জাতির পিতার ম্যুরাল উন্মোচন করেন। অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদ্যস্যবৃন্দ, তিন বাহিনীর প্রধানগণ, সংসদ সদস্য, বিভিন্ন দেশে কূটনীতিকগণ, গণ্যমান্য ব্যক্তিগণ, ঊধ্বর্তন সামরিক ও অসামরিক কর্মকর্তাগণ ও রিক্রুটদের অভিভাবকগণ এবং স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
সূত্র: ইত্তেফাক