মার্কিন যুক্তরাষ্ট্রে একদিনের ব্যবধানে আবারো বিমান দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শুক্রবার ফ্লোরিডা অঙ্গরাজ্যে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। বোকা র্যাটোন বিমানবন্দরের কাছে এ দুর্ঘটনা ঘটে। শনিবার (১২ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, সকাল ১০ টা ২০ মিনিটের দিকে, তিনজন আরোহী নিয়ে একটি সেসনা ৩১০ বোকা র্যাটোন বিমানবন্দর থেকে ছেড়ে তালাহাসি আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেওয়ার কিছু সময় পর সেটি বিধ্বস্ত হয়।
