aleg_bnpনিউজবাংলা২৪ডটনেট:: রাজনৈতিক সঙ্কট মেটাতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সৈয়দ আশরাফের সঙ্গে আলোচনায় বসতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সশস্ত্র বাহিনী দিবস-২০১৩ উপলক্ষে আজ বৃহস্পতিবার সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনীর কর্মসূচিতে প্রধানমন্ত্রী মির্জা ফখরুলকে এ কথা বলেন প্রধানমন্ত্রী।নির্বাচনকালীন সরকার নিয়ে আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট এবং বিএনপির নেতৃত্বে আঠারোদলীয় জোটের বিরোধের কারণে আগামী জাতীয় নির্বাচন নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। ১৮ দল নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি তুললেও অনির্বাচিত কাউকে দায়িত্ব দিতে রাজি নন প্রধানমন্ত্রী। ১৮ দলের আন্দোলনের ডাকের পর গত ২৬ অক্টোবর বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়াকে আলোচনায় বসার প্রস্তাব দিতে ফোন করেন প্রধানমন্ত্রী। তবে প্রধানমন্ত্রীর অনুরোধ না রেখে ২৭ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত হরতাল প্রত্যাহার করতে অস্বীকার জানান বেগম খালেদা জিয়া। এরপর আর কথা হয়নি দুই নেত্রীর মধ্যে। তবে বেগম খালেদা জিয়া জানিয়েছেন, তিনি দলের প্রধান নন, মহাসচিব পর্যায়ে আলোচনার পক্ষে। যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই সম্প্রতি তিনদিনের ঢাকা সফর শেষে ফিরে যাওয়ার আগে গত সোমবার দুই দলকে আলোচনায় বসার আহ্বান জানান।

গত মঙ্গলবার বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ১৮ দলের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতি আবদুল হামিদের সাথে দেখা করে সংলাপের উদ্যোগ নেয়ার আহ্বান জানায়। এর দুদিন পর সেনাকুঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পেয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের সাথে আলোচনায় বসার কথা বলেন। দুই দলের এই বিরোধী অবস্থানের মধ্যেই অবশ্য গঠন হয়ে গেছে নির্বাচনকালীন সরকার। বিএনপি এবং তার মিত্ররা এতে যোগ না দিলেও আওয়ামী লীগ এবং তার মিত্র বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ এবং মহাজোট থেকে বের হয়ে জাতীয় পার্টি যোগ দিয়েছে এতে। এ ছাড়া উপদেষ্টা হিসেবে এই সরকারে থাকছেন সাম্যবাদী দল এবং জাতীয় পার্টি-জেপির একজন করে নেতা। এই সরকারে যোগ দিতে সরকার বিএনপি, এলডিপি এবং বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির সঙ্গে যোগাযোগ করলেও তাতে সাড়া দেয়নি তারা। বরং বিএনপি নেতারা জানিয়েছেন, শেখ হাসিনা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের পদ ছাড়লেই কেবল এই সরকারে যোগ দেবে তারা।

শেখ হাসিনা অবশ্য বুধবার রাতে নবম জাতীয় সংসদের সমাপনী ভাষণে জানিয়েছেন, রাষ্ট্রপতি আবদুল হামিদ তাকে নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করতে বলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *