নিউজবাংলা২৪ডটনেট:: ‘নিশ্চিত হোক শিশু অধিকার, কাটুক সকল অন্ধকার’ প্রতিপাদ্য নিয়ে আজ সোমবার বিকেলে খুলনা অফিসার্স ক্লাবে জেলা প্রশাসনের উদ্যোগে ও ইউনিসেফের সহযোগিতায় শিশু অধিকার সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, শিশুরা যাতে অকালে শিক্ষা থেকে ঝরে না পড়ে সেদিকে দৃষ্টি রাখতে হবে। সুন্দর বাংলাদেশ গড়ার জন্য শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, জ্ঞানী হিসেবে গড়ে তুলতে হবে। শিশুদের অধিকার বাস্তবায়নে বাবা-মা, অভিভাবক, শিক্ষা প্রতিষ্ঠানসহ সমাজের সকলকে আন্তরিক হওয়া প্রয়োজন।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ ইলিয়াস হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ারুল কাদির, রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন গুহ এবং ইউনিসেফ খুলনার প্রোগ্রাম অফিসার সুফিয়া আক্তার।
পরে জেলা প্রশাসক চিত্রাংকন, ছড়াগান, কবিতা এবং যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।